ছাত্রশিবিরের ওপর হামলার ঘটনায় বিচার দাবি জামায়াতের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সরকারি সিটি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, আজ বিকেলে বহিরাগতসহ ছাত্রদল নামধারী কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর পৈশাচিক ও বর্বরোচিত হামলা চালায়। এতে একাধিক শিক্ষার্থী গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, হামলায় একজনের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো মারাত্মক জখম হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এটি প্রমাণ করে যে, পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কখনোই সহিংসতা ও সন্ত্রাসের জায়গা হতে পারে না। মতভিন্নতা থাকলেও তা কখনোই অস্ত্রের মাধ্যমে প্রকাশ করা গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা দেশের শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি।
তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানান এবং হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করারও অনুরোধ করেন।
তিনি শিক্ষাঙ্গনে শান্তি, নিরাপত্তা ও সহাবস্থান বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
