×

সারাদেশ

এইচআইভি সংক্রমণ বাড়ছে বরিশালে, ঝুঁকিতে তরুণ প্রজন্ম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১১:৩৫ এএম

এইচআইভি সংক্রমণ বাড়ছে বরিশালে, ঝুঁকিতে তরুণ প্রজন্ম

ছবি : সংগৃহীত

এইচআইভি সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বরিশালে। বিভিন্ন হাসপাতালে পরীক্ষার মাধ্যমে শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার তথ্য সামনে এসেছে। আক্রান্তদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী হওয়ায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন চিকিৎসকেরা।

শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি সংক্রমণের উপস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে বরিশালে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাম্প্রতিক তথ্য বলছে, পরীক্ষায় শনাক্ত ২০ এইচআইভি আক্রান্তের মধ্যে ১১ জনই শিক্ষার্থী। এ পরিস্থিতিকে সতর্কবার্তা হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে ২০৪ জনের এইচআইভি পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকদের ভাষ্য, এসব রোগীর বেশির ভাগই পুরুষের সঙ্গে পুরুষের যৌনসম্পর্কে যুক্ত ছিলেন। একজন আক্রান্ত ব্যক্তির স্ত্রীর শরীরেও সংক্রমণ শনাক্ত হয়েছে।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন বলেন, নভেম্বর ও ডিসেম্বরে যাদের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, তাদের অধিকাংশের ক্ষেত্রেই পুরুষের সঙ্গে পুরুষের যৌনসম্পর্কের তথ্য পাওয়া গেছে।

হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. মাশরুর বিন আজাদ বলেন, আগে এই অঞ্চলে এইচআইভি সংক্রমণের হার তুলনামূলক কম ছিল। তবে সাম্প্রতিক সময়ে পরীক্ষার মাধ্যমে নতুন রোগী শনাক্ত হওয়ার সংখ্যা বেড়েছে। তার মতে, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।

ডা. মাশরুর বলেন, চিকিৎসা গ্রহণের সময় রোগীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আক্রান্তদের বড় একটি অংশের বয়স ১৫ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সমকামী ব্যক্তির সংখ্যা বা এ সংক্রান্ত কোনো নির্দিষ্ট পরিসংখ্যান সরকারিভাবে নেই বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া তথ্য বলছে, বরিশালে ৫ থেকে সাড়ে ৭ হাজারের মতো মানুষ সমাজ নিষিদ্ধ নানা কর্মকাণ্ডে জড়িত। এইডস প্রতিরোধে সরকারি কর্মসূচি চললেও তা নিয়ন্ত্রণে কতটুকু ভূমিকা রাখছে এ নিয়ে রয়েছে প্রশ্ন। গত এক বছরে দেশে প্রায় দুই হাজার এইডস রোগী শনাক্ত হয়েছে যা আগের বছরের তুলনায় ৩৯ শতাংশ বেশি।

বিশ্লেষকরা বলছেন পারিবারিক শৃঙ্খলা ভেঙে পড়া আর সামাজিক অবক্ষয় তরুণদের এইডসের দিকে ঠেলছে। আর সচেতনতা ছাড়া সংক্রমণ প্রতিরোধ সম্ভব নয় বলে দাবি চিকিৎসকদের।

সরকারি ব্রজমোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহা. ইব্রাহিম খলিল বলেন, তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি। পারিবারিক ও সামাজিক পর্যায়ে যোগাযোগ ও তদারকি কমে যাওয়ার পাশাপাশি অনলাইনে বিভিন্ন ঝুঁকিপূর্ণ প্রভাবও আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, এইচআইভি সংক্রমণ হঠাৎ করে বাড়ে না, এটি দীর্ঘ সময় ধরে বিস্তার লাভ করে। শুধু দক্ষিণাঞ্চল নয়, দেশের অন্যান্য এলাকাতেও সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই সচেতনতা বৃদ্ধি এবং পরীক্ষার পরিধি বাড়ানো প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪১৯ হজযাত্রীকে নিয়ে দেশে ফিরল প্রথম ফ্লাইট

৪১৯ হজযাত্রীকে নিয়ে দেশে ফিরল প্রথম ফ্লাইট

এইচআইভি সংক্রমণ বাড়ছে বরিশালে, ঝুঁকিতে তরুণ প্রজন্ম

এইচআইভি সংক্রমণ বাড়ছে বরিশালে, ঝুঁকিতে তরুণ প্রজন্ম

দুই শর্তে অটল ট্রাম্প, সমাধানের পথ রুদ্ধ

দুই শর্তে অটল ট্রাম্প, সমাধানের পথ রুদ্ধ

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App