সময় এক ঘন্টা: আন্দোলনকারীদের ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
শাহবাগে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার বিচার সম্পন্ন করতে চেয়ে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।
শুক্রবার শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শাহবাগে এই আল্টিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।
এ সময় তিনি বলেন, ‘আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গিয়ে এ হামলায় জড়িতদের একটি তালিকা দিয়েছি। আর আমরা বিচার চেয়ে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে বিচার না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
এর কিছু সময় আগে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদক ও সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরসহ ডাকসু নেতাকর্মীরা শাহবাগ এলাকা দেখতে যান। সেখানে তারা জানান যে, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম, রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুক্রবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সংঘর্ষের পর সন্ধ্যা থেকে শাহবাগে অবস্থান নেন তারা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তবে বারডেম হাসপাতালের পাশ দিয়ে মৎস্য ভবনের দিকে রাস্তা খোলা ছিল। পরে রাত ৮টার দিকে ফের শাহবাগে সংঘর্ষ শুরু হলে এরপর ডাকসু নেতারা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন।
