ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর ও আইটি হাব করা হবে: তারেক রহমান
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, বিমানবন্দর ও আইটি হাব করার প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় এসব প্রতিশ্রুতি দেন তিনি।
তারেক রহমান, “আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এজন্য ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পে রূপান্তর করতে চাই। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।”
তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি নির্বাচনে মানুষের যে অধিকার কেড়ে নেয়া হয়েছিল সেটা ভোটের মাধ্যমে ফিরিয়ে দেবে। বিগত ১৬ বছর স্বৈরাচার শুধু নিজের স্বার্থ দেখেছে। আমরা জনগণের সমর্থন দিয়ে সরকার গঠন করতে চাই। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই।” পঞ্চগড়ে চিনিকল, চা ও রেশন শিল্প চালু করা হবে জানিয়ে তিনি আরো বলেন, “জনগণের হারিয়ে যাওয়ার অধিকার ভোগ করার সময় এসেছে।”
ঠাকুরগাঁও সম্পর্কে তিনি আরো বলেন, “এই এলাকা কৃষনির্ভর। কৃষকদের পাশে যেমন দাঁড়াবো তেমনভাবে এই এলাকায় কৃষিনির্ভর শিল্প বিকশিত করবো। যাতে কর্মসংস্থান হয়। বহু যুবক আছে যারা বেকার। যুবকদের ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক করতে চাই।”
বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা আন্দোলন সংগ্রাম করেছি। মানুষকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই। এই কাজ করতে হলে জনগণের সহযোগিতা লাগবে।”
তারেক রহমান বলেন, “নির্বাচনী জনসভায় এক দল আরেক দলের বিপক্ষে কথা বললে জনগণের কোনো লাভ হবে না। জনগণ জানতে চায় আমরা মানুষের জন্য কি করবো। এজন্য আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরেছি। খালেদা জিয়া বলতেন বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম এবং শেষ ঠিকানা। এজন্য আমরা জনগণের সামনে দাঁড়িয়েছি। জনগণের শক্তিতে দেশ পুনর্গঠন করতে চাই।”
