সাভারে নারীসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
সাভার প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি: সংগৃহীত
সাভার ও আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম।
এর আগে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় আশুলিয়া থানাধীন দোসাইদ কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ৪ পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেন এসআই মফিজুর রহমানসহ তার সঙ্গীয় অফিসার ও ফোর্স। এ সময় তাদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সাভার থানাধীন সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫৫ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন মানিকগঞ্জ জেলার সদর থানার চান্দুরা এলাকার আনোয়ার আলীর মেয়ে শাহানাজ বেগম (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর থানার মহিষমারা এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে সুমন (৩৬), রংপুর জেলার কোতোয়ালি থানার নীলকণ্ঠ এলাকার মৃত মোজাম্মেলের ছেলে মহিন (৩০), ঢাকা জেলার আশুলিয়া থানার চানগাঁও এলাকার দুলাল শেখের ছেলে মিলন শেখ (৩০) ও কুমিল্লা জেলার বরুড়া থানার কাকরতলা পুরবাড়ি এলাকার মৃত শামসুল হকের ছেলে সাইফুল ইসলাম (৩২)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তাররা সবাই পেশাদার মাদক কারবারি। তবে আসামি শাহানাজ বেগম, সুমন, মহিন ও মিলন শেখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
